গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগে মো. ইয়ামিন মিয়া (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ শামছুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী নাগরপুর থানাধীন দক্ষিণ দুয়াজানী সাকিনস্থ অভিযুক্ত ইয়ামিন মিয়ার বাড়িতে যায়। সেখানে সে তার দাদা শ্বশুরের সঙ্গে কথা বলছিল। এ সময় সম্পর্কে বাদিনীর ভাতিজা হওয়া সত্ত্বেও লম্পট ইয়ামিন মিয়া সুকৌশলে ওই কিশোরীকে নিজের বসতঘরের ভেতর ডেকে নিয়ে যায়। পরে একই দিন দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঘরের ভেতরে কাঠের খাটের ওপর শুইয়ে ভুল বুঝিয়ে জোরপূর্বক তার পরনের পোশাক খুলে ধর্ষণ করে সে।
এ জঘন্য ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে নাগরপুর থানায় একটি এজাহার দায়ের করেন।
চাঞ্চল্যকর এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. কামরুজ্জামান এজাহার পাওয়ার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক অভিযানে নামেন। ঘটনার গুরুত্ব ও স্পর্শকাতরতা বিবেচনায় নিয়ে পুলিশের দ্রুত তৎপরতায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মূল অভিযুক্ত মো. ইয়ামিন মিয়াকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নাগরপুর থানার পুলিশ জানায়, অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীকে ধর্ষণের মতো এই অপরাধের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ কঠোর অবস্থান নেয়। দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
https://www.kaabait.com