• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল

Reporter Name / ১১৫ Time View
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ বরিশাল নগরের প্যারারা রোড এলাকায় দৈনিক সমকালের কার্যালয় থেকে পুলক চ্যাটার্জী (৫৫) নামের পত্রিকাটির সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে কার্যালয়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া নোটগুলো পুলকের স্ত্রী, মেয়ে, ছোট ভাই, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রশাসনের উদ্দেশে লেখা।
প্রশাসনের উদ্দেশ্যে সুইসাইড নোটে পুলক উল্লেখ করেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি শরীরের রোগ যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। সুস্থ থাকার জন্য অনেক চেষ্টা করেছি। ইন্ডিয়ার ভেলোরে পর্যন্ত ডাক্তার দেখিয়েছি। কিন্তু সুস্থ হতে পারিনি। অসুস্থতা আমাকে মানসিকভাবে পিছিয়ে দিচ্ছে। শরীরের যন্ত্রণাকালে কোথাও যেতে পারতাম না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। প্রশাসনের কাছে অনুরোধ, কোনো প্রকার হয়রানি না করে আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করা হোক।’

পুলক স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশ্যে লিখেছেন, ‘আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকে না। প্রকৃতি, তুমি পড়াশোনা ও গান শেখা চালিয়ে যেও। প্রিয়াংকা, আমার অনুপস্থিতি তোমার জীবনে পূরণ হবার নয়। তারপরও কারো জন্য কিছু থেমে থাকে না। তোমার দীপক (চান) ভাইয়ের সাথে থেকো। দীপক তোমাকে আগলে রাখবে।’

বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে পুলক চ্যাটার্জী লিখেছেন, ‘বিদায়। তোমার সাথে আমার অনেক স্মৃতি। আমার মরদেহ হয়রানি ছাড়া পরিবারের কাছে দেওয়ার চেষ্টা করিও। যেহেতু স্বেচ্ছায় আত্মহনন করলাম, তাই ময়নাতদন্ত করার প্রয়োজন নাই। পারলে তোমার বৌদি ও প্রকৃতির মাঝে মাঝে খোঁজ নিও।’
ভাই দীপক ও দীপকের স্ত্রী ইতির উদ্দেশ্যে পুলক লিখেছেন, ‘বিদায়। প্রিয়াংকা ও প্রকৃতিকে আগলে রাখিস। তোর ওপর অনেক বড় বোঝা চাপিয়ে দিলাম। আমাকে ক্ষমা করে দিস। মুক্তিযুদ্ধের ভাতা ও আমার ব্যাংক হিসাবের বিষয়ে দেবাশীষের সাথে আলাপ করে পদক্ষেপ নিস। প্রিয়াংকা ও প্রকৃতিকে তোর কাছে রাখিস।’
পুলক তার দীর্ঘদিনের সহকর্মী দৈনিক সমকাল বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরীর উদ্দেশ্যে লিখেছেন, ‘সুমন, বিদায়। তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত। একসাথে প্রায় দেড় যুগ কাজ করেছি, কখনো কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। যদি পারো সমকালে আমার পাওনা টাকা আদায় করে তোমার বৌদির হাতে দিও।’
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে সমকাল বরিশাল অফিস থেকে তার মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, সুইসাইড নোট পাওয়া গিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
পুলক চ্যাটার্জী দীর্ঘদিন দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে তিনি প্রতিষ্ঠানটি ছেড়ে দেন। এরপর থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে সহকর্মীরা জানিয়েছেন। মাঝেমধ্যে তিনি সমকালের কার্যালয়ে এসে বসতেন।
পুলক বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুর আগে তিনি সংগঠনটির কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com