শফিক টুটুল পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবির বড় একটি চালান জব্দ করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার আটক করা হলেও ট্রলারে থাকা মাঝিসহ ৪ থেকে ৫ জন পালিয়ে যায়।
শনিবার (৩ অক্টোবর) ভোররাতে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে পাথরঘাটা এলাকা থেকে একটি সন্দেহজনক মাছ ধরার ট্রলারের গতিবিধি নজরে আসে। পরে ট্রলারটিকে ধাওয়া করে কোস্ট গার্ড ও পুলিশ। একপর্যায়ে পিরোজপুর সদর থানার পুলিশের সহযোগিতায় কুমিরমারা এলাকায় ট্রলারটি আটক করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই ট্রলারে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আটক ট্রলারটিতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি পাওয়া গেছে।
তিনি আরও জানান, উদ্ধার করা পোশাকের সঠিক পরিমাণ ও বাজারমূল্য নির্ধারণের কাজ চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।
https://www.kaabait.com