এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজারঃ
কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও ২ বিজিবি (টেকনাফ)। তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া মন্দিরের জোড়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, জাদিমুড়া মন্দিরের জোড়া সংলগ্ন জনৈক মঞ্জুর মেম্বারের প্রকল্পের কেওড়া বাগানে ইয়াবার একটি বড় চালান মজুত করা হয়েছে। খবর পেয়ে এসআরবি-১৫ ও ২ বিজিবির সদস্যরা দ্রুত সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে কেওড়া বাগানে ব্যাপক তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধারকৃত মাদক টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় জড়িত পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
https://www.kaabait.com