মোঃ রিয়াজ রহমান শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের শিবচরে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি অ্যান্ড হিউম্যানিটি (দেশ)। এ কর্মসূচিতে দেশীয় প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণের পাশাপাশি এক হাজার তালের বীজ বপন করা হয়।
শুক্রবার ও শনিবার (১৬ ও ১৭ অক্টোবর) উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের টেংরামারী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কৃষ্ণচূড়া, শিমুল ও পেয়ারা গাছের চারা রোপণ করেন সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হাওলাদার, সংগঠনের উপদেষ্টা মোশারফ হোসেন, সভাপতি ওয়াহীদুজ্জামান, জ্যেষ্ঠ সদস্য রাশেদুল হাসান রায়হান, এস এম দেলোয়ার হোসাইন, সানাউল্লাহ, মো. রাসেল, মো. আল আমিনসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। নিয়মিত বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হাওলাদার বলেন, দেশ সংগঠন দীর্ঘ ১৭ বছর ধরে শিবচরে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক, স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রজনন স্বাস্থ্যশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ কর্মসূচির জন্য আমি দুই হাজার তালের বীজ দিয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আরও বীজ দেব।
আয়োজক ও স্বেচ্ছাসেবীরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ শিবচর গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
https://www.kaabait.com