বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল বহনকারী কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) ভোর ৪টা ১৫ মিনিটে পুঠিয়া থানাধীন তারাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ মোজাম্মেল হক (৩২), মোঃ সোহান রহমান (২৩), মোঃ রুবেল আহমেদ (৩৮) এবং মোঃ শাহাদত হোসেন (৫২)। তাদের সবার বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া ও চারঘাট থানা এলাকায়।
ডিবি পুলিশ সূত্রে জানাযায় গ্রেফতারকৃত শাহাদত হোসেনের বাড়ি থেকে ১টি iPhone 15 Pro Max, ৩০০ ইউএস ডলার, ১টি ম্যাসেজ বেড, ১টি লাগেজ, ৪টি প্লাস্টিকের বক্স, নগদ ৮ হাজার টাকা, চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার যন্ত্রপাতি ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়
গত ১৩ অক্টোবর বিসিবির ডিভিশন ক্রিকেট টিমের মালামাল নিয়ে একটি কাভার্ডভ্যান ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। ১৪ অক্টোবর ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিটে নাটোরের হরিশপুর বাইপাস থেকে রাজশাহীর উদ্দেশে পুনরায় রওনা হয়। নাটোরের তেবাড়িয়া রেলগেটে ভ্যানটি ধীরগতি হলে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি গাড়িতে উঠে পড়ে।
পরে ভোর ৫টা ৫ মিনিটের দিকে পুঠিয়ার তারাপুর মোড়ে চলন্ত অবস্থায় কাভার্ডভ্যানের তালা ভেঙে মালামাল চুরি করে তারা। পেছন থেকে আসা অন্য একটি গাড়ির চালক বিষয়টি কাভার্ডভ্যান চালককে জানালে চালক গাড়ি থামিয়ে দেখেন তালা ভাঙা ও দরজা খোলা রয়েছে।
পরে গাড়িটি রাজশাহীর রাজপাড়া থানাধীন হোটেল গ্র্যান্ড রিভারভিউতে পৌঁছালে দেখা যায়, ৪৬টি লাগেজের মধ্যে ৮টি লাগেজসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় এস এম মেহেরব হাসান রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১১৬) করেন।
জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের নির্দেশনায় ডিবির ওসি শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই মেহেদী হাসানসহ একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আরো জানা যায় গ্রেফতারকৃত মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহীতে ২টি, টাঙ্গাইলে ২টি ও নাটোরে ১টি মামলা রয়েছে। এছাড়া সোহান ও রুবেলের বিরুদ্ধে পুঠিয়া থানায় ১টি করে মামলা রয়েছে।
এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।