শফিক টুটুল, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও ভেজাল ভোগ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ পণ্য ও উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। অভিযুক্ত কারখানার মালিক আল আমিন হাওলাদারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা মহল্লার একটি ভাড়াটিয়া ভবনে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান অভিযানে নেতৃত্ব দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কারখানাটিতে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে নকল চিনিগুড়া ও সুগন্ধি চাল, আইসক্রিম, আইস পপ, ভেজাল মধু এবং ডিটারজেন্ট পাউডার তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া শিশুদের পানীয় ও জুস তৈরিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক উপাদান, ফ্লেভার, অননুমোদিত রং, উৎপাদনযন্ত্র, চারটি রেফ্রিজারেটর এবং তিনটি কম্পিউটার জব্দ করা হয়।
অভিযান চলাকালে কারখানার মালিক আল আমিন হাওলাদারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁর বক্তব্য শোনার পর তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়। জব্দ করা পণ্যগুলো পরবর্তী সময়ে জনসমক্ষে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনায় ভাণ্ডারিয়া থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান জানান, কারখানাটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য ও শিশুদের খাদ্যসামগ্রী উৎপাদনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পণ্য ও সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।