নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেলসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নাম ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই নামে-বেনামে খোলা কিছু ফেসবুক আইডি থেকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত মন্তব্য, অশালীন ভাষা ব্যবহার এবং ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে নেতাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। যা এখনো চলমান রয়েছে। বগুড়া-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন সহ সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলের নেতাকর্মীদের নিয়ে ফেক আইডিতে মান সম্মান নষ্ট করা হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য, প্রমাণহীন অভিযোগ ও ব্যক্তিগত আক্রমণ ছড়ানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের ফলে শুধু সংশ্লিষ্ট রাজনৈতিক নেতারাই বিব্রত হচ্ছেন না, সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফেসবুক আইডি ব্যবহার করে বিএনপি ও যুবদলের নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য, কটূক্তি, উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট এবং বিভিন্ন ধরনের ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। কখনো পরিচিত ব্যক্তিদের নাম ব্যবহার করে, আবার কখনো পরিচয় গোপন রেখে এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার নামে কাউকে হেয় করা, অশালীন ভাষায় আক্রমণ করা কিংবা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা কোনোভাবেই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচয় নয়।
স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ কিংবা এলাকার উন্নয়নে কেউ ভূমিকা রাখলে তাঁকে ঘিরেও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তাঁদের ভাষ্য, রাজনৈতিক প্রতিযোগিতা হবে কাজ, জনসম্পৃক্ততা, আদর্শ ও কর্মসূচির ভিত্তিতে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, মিথ্যা অপবাদ কিংবা ভুয়া পরিচয়ে অপপ্রচার চালিয়ে কাউকে বিতর্কিত করার চেষ্টা রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে পারে।
তবে এসব ফেসবুক আইডির পেছনে কারা রয়েছেন, কী উদ্দেশ্যে এসব পোস্ট করা হচ্ছে এবং অভিযোগগুলোর সত্যতা কতটুকু—তা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন।
নন্দীগ্রামের রাজনৈতিক সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম এখন জনমত গঠন ও তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম। এ মাধ্যমকে ব্যবহার করে গঠনমূলক আলোচনা, জনসমস্যা তুলে ধরা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার করা সম্ভব। কিন্তু এর অপব্যবহার করে ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক সহাবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে।
তাই রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শালীন ভাষা, পারস্পরিক সম্মান এবং তথ্যের সত্যতা যাচাইয়ের সংস্কৃতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সচেতন মহল।
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য, কারও সম্মানহানি করার জন্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেই মতপার্থক্যের কারণে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কিংবা ভুয়া পরিচয়ের আড়ালে অশালীন মন্তব্য করা কখনোই গ্রহণযোগ্য নয়। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে যথাযথ জায়গায় তুলে ধরতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাই। আমরা চাই, নন্দীগ্রামে সুস্থ রাজনৈতিক চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পরিবেশ বজায় থাকুক।
উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল বলেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচয় গোপন রেখে কাউকে হেয় করা, অশালীন ভাষায় আক্রমণ করা কিংবা যাচাইবিহীন তথ্য ছড়ানো কোনো সচেতন মানুষের কাজ হতে পারে না। রাজনীতিতে সমালোচনা থাকবে, তবে সেই সমালোচনা হতে হবে যুক্তিনির্ভর, শালীন ও তথ্যভিত্তিক। যারা ভুয়া পরিচয় ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে , তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসা উচিত। আমরা চাই, ব্যক্তিগত আক্রমণ নয়—কাজ, যোগ্যতা ও জনসেবার মাধ্যমে রাজনৈতিক প্রতিযোগিতা হোক।
নন্দীগ্রামের সচেতন নাগরিকদের প্রত্যাশা, রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, কেউ যেন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, অশালীন মন্তব্য কিংবা ব্যক্তিগত আক্রমণের শিকার না হন। একই সঙ্গে কোনো অভিযোগ উঠলে সেটির সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং আইনসম্মত প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকুক আদর্শ, কর্মসূচি ও জনসেবার ভিত্তিতে—ব্যক্তিগত বিদ্বেষ, অপপ্রচার কিংবা ভুয়া পরিচয়ের আড়ালে নয়।