মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের একজনের খোঁজ না পাওয়ার ঘটনায় এক ওয়ার্ড বয়কে আটক করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে নওগাঁ সদর থানা পুলিশ তাঁকে আটক করে। আটক জিহাদ হোসেন আত্রাই উপজেলার মনিয়ারি ইউনিয়নের মুসকিপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) নওগাঁর বলাকা ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর একটি নবজাতক পরিবারের কাছে হস্তান্তর করা হলেও অপর নবজাতকের কোনো সন্ধান না পাওয়ার অভিযোগ করেন বাবা শান্ত ইসলাম। এ ঘটনায় তিনি নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শান্ত ইসলামের স্ত্রী শান্তনা আক্তার অন্তঃসত্ত্বা হওয়ার পর গত ১২ ও ২১ অক্টোবর দুটি পৃথক ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করান। উভয় পরীক্ষার প্রতিবেদনেই গর্ভে দুটি জীবিত ভ্রূণ থাকার তথ্য উল্লেখ ছিল। এমনকি দুটি ভ্রূণের হৃদস্পন্দন ও সম্ভাব্য ওজনও আলাদাভাবে উল্লেখ করা হয়।
শান্ত ইসলামের দাবি, চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের পরামর্শে গত বৃহস্পতিবার বিকেলে তাঁর স্ত্রীকে বলাকা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে ওই চিকিৎসকের অধীনে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর পরিবারের কাছে একটি কন্যাশিশু হস্তান্তর করা হলেও অপর নবজাতকের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
নবজাতকের মা শান্তনা আক্তারের অভিযোগ, সিজারের আগে তাঁকে যমজ সন্তান হওয়ার বিষয়টি জানানো হয়েছিল। অস্ত্রোপচারের পর একটি শিশুকে দেখানো হলে অপর শিশুর বিষয়ে জানতে চান তিনি। এ সময় তাঁর পেটের অস্ত্রোপচারের ক্ষত সেলাই না করে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট ফেলে রাখা হয় এবং ভিডিও ধারণ করা হয়। বিষয়টি মেনে না নিলে তাঁকে ওই অবস্থায় রেখে দেওয়ার কথাও বলা হয় বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দিতে আর্থিক প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন নবজাতকের বাবা।
তবে বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক বলেন, রোগী চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের পরামর্শে ক্লিনিকে ভর্তি হয়েছিলেন এবং তিনিই অস্ত্রোপচার করেছেন। সন্তান একটি নাকি দুটি হয়েছে, সে বিষয়ে ওই চিকিৎসকই বলতে পারবেন। এ বিষয়ে তাঁরা কিছু জানেন না।
অভিযুক্ত চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কোনো বক্তব্য দেননি।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। এ ঘটনায় মামলা রুজুর পর একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।