মেহেদী হাসান অন্তর, জেলা প্রতিনিধি, নওগাঁ:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, চোলাইমদ ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) নওগাঁর মান্দা থানার প্রসাদপুর, জোতবাজার, দক্ষিণ নুরুল্যাবাদ, দেলুয়াবাড়ীসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নওগাঁর ‘ক’ সার্কেলের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মোবাইল কোর্টের একটি মামলায় ১০০ গ্রাম গাঁজাসহ রেজাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাবিল নওরোজ বৈশাখ তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে, নিয়মিত দুটি মামলায় ১৫০ পিস ইয়াবা এবং ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এসব ঘটনায় তিনজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে তছলিম ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি জাহিদুল হক ইমন পলাতক রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে মোট ছয়টি অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে একটি মোবাইল কোর্ট মামলা এবং দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে প্রসিকিউশন ও এজাহার দাখিলের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. তাজুল ইসলাম।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।