দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপন নিশ্চিত করতে ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী রাজানগর ইউনিয়নের ৪টি, চরনারচর ইউনিয়নের ৮টি ও সরমঙ্গল ইউনিয়নের ৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এ সময় মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মনোজ কান্তি পুরকায়স্থ, সদস্য সচিব স্বাধীন চৌধুরী, পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিশ্বজিৎ রায় এবং সদস্য হিল্লোল পুরকায়স্থ ও দিপংকর বনিক উপস্থিত ছিলেন।
মনোজ কান্তি পুরকায়স্থ বলেন, দুর্গোৎসব আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনে মণ্ডপ পরিচালনা কমিটি, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশ্বজিৎ রায় বলেন, দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য বরাবরের মতোই সুনামগঞ্জ জেলার মধ্যে দিরাই উপজেলায় সবচেয়ে বেশি পূজা উদযাপন করা হয়। এবারও এ উপজেলায় ৭২ টি পূজা উদযাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে।