আবু রায়হান,বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মিজানুর রহমান। ছয় মাস মেয়াদি এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মো. মিজানুর রহমান ঢাকার একটি বেসরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁর বাবা মরহুম নেছারুল হক মিয়া ছিলেন কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর মিজানুর রহমান বলেন, ‘আমি এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। আমার বাবা মরহুম নেছারুল হক মিয়া এ বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. মো. শাহজাহান আমার মামা। এ প্রতিষ্ঠানের সঙ্গে আমার পারিবারিক ও আত্মিক সম্পর্ক রয়েছে। আমাকে আমার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে যাঁরা নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, সদ্য বিদায়ী সভাপতি মেহেদি হাসান রাসেলের দিকনির্দেশনা ও বিদ্যালয়ের শিক্ষকদের প্রচেষ্টায় এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি উপজেলায় সেরা হয়েছে। এ সাফল্যের ধারা অব্যাহত রেখে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। এ জন্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. মো. শাহজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিজানুর রহমান, বানারীপাড়া উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যক্ষ সৈয়দ এনামুল হক, বেগম খাদিজা রশিদ, বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্য মো. খলিলউল্লাহ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী তপন দেবনাথ, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রিয়াজ পঞ্চায়েত ও যুবদল নেতা জসিম পঞ্চায়েতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা ডা. মো. শাহজাহানের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, কালাইয়া এলাকায় শিক্ষার প্রসার ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডা. মো. শাহজাহান। তিনি উপজেলা জাগো দল ও বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। শিক্ষাবিদ ও রাজনীতিক হিসেবে এলাকায় তাঁর বিশেষ পরিচিতি ছিল।
বক্তারা মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উন্নয়ন এবং প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে মরহুম ডা. মো. শাহজাহানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।